২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ‘নিয়ন্ত্রণে’ গণপরিবহন চালুর দাবি যাত্রী কল্যাণ সমিতির

করোনাভাইরাসের সংক্রমণকালীন সময়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে সেনাবাহিনীর ‘নিয়ন্ত্রণে’ গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2020, 08:35 PM

Updated : 18 Aug 2022, 03:05 PM

পাশাপাশি বিশ্ববাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে গণপরিবহনের জ্বালানি তেলের দাম কমানোর দাবিও জানিয়েছে সংগঠনটি।

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন জারির দুই মাস পর আগামী ৩১ মে থেকে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন সীমিত পরিসরে চালুর অনুমতি দিয়েছে সরকার। 

তারপরই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তাদের দাবি জানান।

তিনি বলেন, “অতীতের অভিজ্ঞতায় বলে আমাদের দেশের গণপরিবহনকে আইন মানানো এক কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘদিন বন্ধের কারণে আয়বঞ্চিত থাকায় পরিবহনের মালিক ও শ্রমিক ভাইয়েরা নিদারুণ আর্থিক সংকটে। ফলে তাদের কাছে বেঁচে থাকা এখন মুখ্য বিষয়। তাদের পক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে পরিবহন পরিচালনা করা কতটুকু সম্ভব তা প্রশ্নবোধক।

“অন্যদিকে সড়কে যারা বৈধ অবৈধ চাঁদাবাজি করেন তারা সক্রিয় হয়ে উঠবে। এমতাবস্থায় সরকারের পক্ষে পরিবহনের মালিক, শ্রমিক ও যাত্রী সাধারনের জন্য আরোপিত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।”

মোজাম্মেল বলেন, “অপরদিকে দেশে গণপরিবহনগুলো দৈনিক ইজারা ভিত্তিক চালানোর কারণে মালিক সমিতি, বাস শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণের পরিবর্তে স্ব-স্ব গণপরিবহনের শ্রমিকের নিয়ন্ত্রণের পরিবহনগুলো পরিচালিত হয়। এতে দেশের যাত্রী সাধারণ শঙ্কিত যে বাসে বাসে বেশি যাত্রী তোলা ও অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অসম প্রতিযোগিতা তৈরি হতে পারে।

“তাই করোনা সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিলেই কেবল সড়কে শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করা সম্ভব।”

ভাড়া কমানোর পথ দেখিয়ে তিনি বলেন, “দেশের মানুষ এখন এক ভয়াবহ আর্থিক সংকটে পতিত, তাই অর্ধেক যাত্রী নিয়েও যাতে গণপরিবহনগুলো বিদ্যমান হারে ভাড়া আদায় করে পরিবহন সেবা চালু করতে পারে, তার জন্য গণপরিবহন চালুর আগেই তেলের দাম কমিয়ে দেওয়া যায়।

“বিশ্ববাজারে বহু আগেই তেলের দাম কমেছে। বর্তমানে দেশের রিজার্ভারে উপচে পড়া জ্বালানী তেল মজুদের খবর গণমাধ্যমের বরাতে জানা গেছে।”

এপরিস্থিতিতে তেলের দাম কমিয়ে সাশ্রয়ী ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে দেশের যাত্রী সাধারণকে যাতায়াতের সুযোগ দেওয়ার জন্য দাবি জানান তিনি।