কোভিড-১৯ উপসর্গ নিয়ে আলোকচিত্র সাংবাদিকের মৃত্যু
ঢাকায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করাতে যাওয়ার মধ্যেই অসুস্থ হয়ে মারা গেছেন একজন আলোকচিত্র সাংবাদিক।
প্রয়াত মিজানুর রহমান খান দৈনিক বাংলাদেশের খবরের প্রধান ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদকও ছিলেন।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোভিড-১৯ পরীক্ষার জন্য গিয়েছিলেন। সেখানেই তার মৃত্যু ঘটে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপসর্গ থাকায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য মঙ্গলবার নাম নিবন্ধন করিয়েছিলেন মিজানুর রহমান খান।
“তিনি বুথের সামনে ফরম ফিলাপ করার সময়ই পড়ে যান। তাকে ডিআরইউর অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
মিজানুরের মৃত্যুর বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জরুরি বিভাগে খোঁজ নিয়েছি। সেখানে এই নামে কেউ মারা যায়নি। তিনি হয়ত ঢাকা মেডিকেলে আসার পথেই মারা গিয়েছিলেন।”
বাংলাদেশ খবরের সিনিয়র রিপোর্টার আফজাল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটায় ২৬ মার্চের পর তাদের সংবাদপত্রের মুদ্রণ বন্ধ, সবাই বাড়ি থেকে অনলাইনে কাজ করছিলেন।
তিন দিন আগে মিজানুর রহমানের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল জানিয়ে আফজাল বলেন, তখন তার জ্বর ছিল।
“গতকাল স্বস্তি বোধ করছিলেন তিনি। আজকে শরীর খারাপ লাগছিল, তাই পরিবারের সদস্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা নমুনা দিতে এসেছিলেন।”
মিজানুর রহমানের হৃদযন্ত্রে সমস্যা ছিল বলে জানান তার সহকর্মী আফজাল।
বিকালে জিগাতলা নতুন রাস্তা এলাকায় মিজানুরের জানাজা হয়। তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে আফজাল জানান।
দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকায় ১২ বছর কাজ করার পর বাংলাদেশের খবরে যোগ দিয়েছিলেন মিজানুর।
এক ছেলে ও এক মেয়ের জনক মিজানুরের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।
