২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কটে পড়া সাংবাদিকদের সহায়তা দেবে সরকার

কোভিড-১৯ মহামারীর মধ্যে যেসব সাংবাদিক সঙ্কটে পড়েছেন, তাদের ১০ হাজার টাকা করে আপদকালীন সহায়তা দেবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 06:01 PM

Updated : 10 Oct 2022, 07:11 PM

সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই তথ্য জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি চাকরিচ্যুতি, ছয় মাস ধরে কর্মহীন বা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না- এই তিন শ্রেণির সাংবাদিকদের দলমত নির্বিশেষে এই আপদকালীন এ সহায়তা দেওয়া হবে।”

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মন্ত্রীর প্রতিষ্ঠানেও সাংবাদিক ছাঁটাই

তিন শ্রেণির ভিত্তিতে কোন কোন সাংবাদিক এই সহায়তা পাবেন, তা সাংবাদিক নেতা এবং সাংবাদিক ইউনিয়নগুলো ঠিক করবে বলে জানান মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, “অসুবিধায় নিপতিত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলাম। সে প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আজকে একটি বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে এই কল্যাণ ট্রাস্ট গঠনের পর এ পর্যন্ত ১১৬৭ জন সাংবাদিককে ৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

“এই ট্রাস্ট প্রতিষ্ঠার আগেও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬২৩ জন সাংবাদিককে ৩ কোটি ৮০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নিয়মিতভাবে প্রতি বছর দুস্থ, অসহায়, অসুস্থ সাংবাদিকদের যে সহায়তা দেওয়া হয়।

“গতবছর এই খাতে ১ কোটি ৯৭ লাখ টাকা সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়েছিল, আজকের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই খাতে এবার ২ কোটি টাকা দেওয়া হবে।”

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্যসচিব কামরুন নাহার, ট্রাস্টের সদস্য সচিব ও পিআইবি’র ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্যের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক মো. কাশেম হুমায়ুন এই সভায় অংশ নেন।