২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে দরিদ্র মা’দের জন্য বরাদ্দ রাখার দাবি

করোনাভাইরাস মহামারীর কারণে দারিদ্র্য বাড়ার আশঙ্কায় আসন্ন বাজেটে দরিদ্র মা'দের জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর- ডর্প।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 02:22 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী, নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার ও প্রতিষ্ঠাতা এএইচএম নোমান।

বিবৃতিতে বলা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে দেশে কম-বেশি ৭ লাখ দরিদ্র মা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন। সাধারণত একটি ইউনিয়নে গড়ে ৭০-৮০ জনের বেশি গরিব গর্ভবতী মা পাওয়া যায়না।

এজন্য ভাতার সাত শর্তযুক্ত নীতিমালা বাস্তবায়নে প্রকৃত মা নির্বাচনের জন্য ও ‘মাতৃত্বকালীন ভাতা’র গুণগত মান ধরে রাখতে সংখ্যা না বাড়িয়ে মেয়াদকাল তিন বছরের পরিবর্তে ৫ বছর করা ও ভাতার পরিমাণ ৮০০ টাকা থেকে বাড়িয়ে গার্মেন্টস শ্রমিকের মজুরির সমান আট হাজার টাকা বরাদ্দের দাবি করেন তারা।

দারিদ্র্যের উৎস বন্ধের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭ এজেন্ডার এক নম্বর এজেন্ডা ‘দারিদ্র্য বিমোচন’ লক্ষ্য অর্জনে মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মা’দের জন্য ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচি হতে পারে এর মূল ভিত্তি।

২০ বছর মেয়াদে বছরে পাঁচ লাখ দরিদ্র মাকে নিয়ে ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের আবেদন করা হয় বিবৃতিতে ।

‘স্বপ্ন প্যাকেজ’ প্রাথমিকভাবে একশ উপজেলায় বাস্তবায়নের জন্য ২০২০-২১ অর্থবছরে এক হাজার কোটি টাকা বাজেট বরাদ্দের দাবি জানায় সংস্থাটি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের ১০টি উপজেলায় ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে।

বেসরকারি সংস্থা ডর্প এই কার্যক্রম বাস্তবায়ন সহযোগী ছিল।