অস্বচ্ছল সংস্কৃতিকর্মীদের আর্থিক সহায়তায় আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ
করোনাভাইরাস সঙ্কটে কর্মহীন হয়ে অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের যে আর্থিক অনুদান দেওয়ার কথা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, তা প্রদানে ‘আমলাতান্ত্রিক জটিলতা’ দেখা দিয়েছে বলে অভিযোগ এনেছেন জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
যৌথ বিবৃতিতে তারা বলেছেন, সেই ‘আমলাতান্ত্রিক জটিলোর’ কারণে ঈদুল ফিতরের আগে অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীরা আর্থিক সহায়তা পাবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
গত ১৩ মে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, করোনাভাইরাসের কারণে কর্মহীন অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সাংস্কৃতিক সংগঠনের নেতাদের বিবৃতিতে বলা হয়, “সংস্কৃতিকর্মীদের এক বড় অংশই আজ কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে পড়েছে। এমনি সংকটজনক পরিস্থিতিতে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ঈদের পূর্বেই তালিকাভুক্ত সকল সংস্কৃতিকর্মীকে প্রতিশ্রুত অর্থ প্রদানের দাবি জানাচ্ছি।”
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনূর রশীদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ,জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, চারু শিল্পী সংসদের সভাপতি জামাল আহমেদ।
নাসির উদ্দিন ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমলতান্ত্রিক জটিলতা হল, মন্ত্রণালয় এখন বলছে, যে পাঁচ হাজার শিল্পীকে নির্বাচন করা হয়েছে, তাদের অর্থপ্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
“কিন্তু আমাদের শিল্পীদের অধিকাংশই থাকেন গ্রামে, তাদের কাছে ইন্টারনেট ব্যবস্থাও অনেকাংশে নেই। গ্রামের ইন্টারনেটের দোকানগুলোও তো লকডাউনে বন্ধ। কিভাবে আবেদন করবেন তারা?
“আমরা আর্থিক অনুদান হিসেবে প্রতি শিল্পীকে ৫ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলাম। সেটা নিয়ে কোনো দফারফা হয়নি।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “৫ হাজার টাকা করে দেওয়ার আবেদন যেটা করেছিলাম সেটা প্রতিমন্ত্রী মহোদয় (কে এম খালিদ) রাজি হয়েছিলেন। কিন্তু সেই টাকাটিও নাকি তিন ধাপে দেওয়া হবে। তা আর কবে দেওয়া হবে? ঈদের আছে মাত্র এক সপ্তাহ।”
জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অসচ্ছল শিল্পীদের তালিকা তৈরি করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গত ১৩ মে বলেছিলেন, “আশা করছি, আগামী দুই তিনদিনের মধ্যেই আমরা আর্থিক সহযোগিতা দিতে পারব।”
আর্থিক অনুদান প্রদানের কার্যক্রম এখনও শুরু করা যায়নি কেন এ বিষয়ে জানতে শনিবার সচিবের মো্বাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফোন ধরেননি প্রতিমন্ত্রী কে এম খালিদও।
