মালদ্বীপে কর্মরত ১১ চিকিৎসককে পৌঁছে দিল বিমানবাহিনী
করোনাভাইরাস সঙ্কটে দেশে ফিরে আটকে পড়া বাংলাদেশি ১১ চিকিৎসককে মালদ্বীপে পৌঁছে দিয়েছে বিমান বাহিনী।
বিমান বাহিনীর একটি উড়োজাহাজে তাদের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রীও নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।
বাংলাদেশি ও্ই চিকিৎসকরা মালদ্বীপে কর্মরত। দেশে ফিরে তারা আটকা পড়েছিলেন, কারণ করোনাভাইরাস সঙ্কটে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিমানবাহিনী শনিবার জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানে মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি চিকিৎসক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি শুভেচ্ছা উপহার হিসেবে মালদ্বীপে পোঁছে দেওয়া হয়।
বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের প্রয়োজনীয় দিক-নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়।
