২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ রোজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

পঁচিশ রোজার মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের চলতি মাসের, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 05:20 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় সাধারণ ছুটিতে বেআইনিভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।

মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, অধিকাংশ কারখানায় শ্রমিকদের এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়নি এবং অনেক কারখানায় এপ্রিলের বেতনের ৩৫ থেকে ৪০ শতাংশ কেটে রাখা হচ্ছে। এমনকি কয়েকশ’ কারখানার হাজার-হাজার শ্রমিকের মার্চ মাসের বেতনও পরিশোধ করা হয়নি।

নেতারা বলেন, করোনাভাইরাস সংক্রমণের পূর্ব পর্যন্ত কারখানার মালিকরা একচ্ছত্রভাবে নিজেদের বাংলাদেশের শ্রমিক আর অর্থনীতির উদ্ধারকর্তা হিসেবে দাবি করে রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে।

বছরের পর বছর ধরে প্রণোদনার নামে রাষ্ট্রের অর্থ লোপাটকারী মালিকরা দুর্যোগ মুহূর্তে শ্রমিকদের বাঁচাতে এক মাসের দায়িত্বও নেয়নি বরং করোনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিভাবে শ্রমিকদের আরও বেশী বঞ্চিত করা যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তারা।

শ্রমমন্ত্রীর সাথে গার্মেন্ট মালিকদের বৈঠকের বিষয় উল্লেখ করে নেতারা বলেন, মালিকরা শ্রমিক ছাঁটাই, লে-অফ করবেন না, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া এবং সংক্রমিত শ্রমিকের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই অব্যাহত রেখেছেন।

তারা আরও বলেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সব কারখানায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংক্রমিত শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে চিকিৎসার ব্যবস্থা না করে হোম কোয়ারেন্টিনের নামে বাসায় পাঠিয়ে দিয়ে দায়মুক্ত হচ্ছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত পোশাক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো ঘটনা এখনও ঘটেনি।

করোনাভাইরাসের মহামারী কারণে মাত্র এক মাস উৎপাদন বন্ধ থাকার অজুহাতে শ্রমিকদের উৎসব ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা।

আইন ও প্রতিশ্রুতি ভঙ্গকারী মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ, সব শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, করোনাভাইরাসে সংক্রমিত শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহসভাপতি খালেকুজ্জামান লিপন, সংগঠক মনির হোসেন মলি নবি হোসেন, মোহাম্মদ সেলিম, হাবিবুর রহমান হাবিব, বাবু হাসান প্রমুখ।

নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রামসহ প্রতিটি গার্মেন্টস শিল্পাঞ্চলেও একই সাথে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।