২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পোশাক ও খাদ্য সহায়তা বিতরণে নৌবাহিনী

করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 12:47 AM

Updated : 10 Oct 2022, 07:10 PM

শুক্রবার দেশের উপকূলীয় চরাঞ্চল সন্দীপ ও হাতিয়ার প্রত্যন্ত এলাকায় বাসবাসকারী অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদের কাপড় ও খাদ্য সহায়তা বিতরণ করা হয় বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা হতদরিদ্র এসব পরিবারের সদস্যদের হাতে জামা, পাঞ্জাবিসহ বিভিন্ন ঈদের পোশাক তুলে দেয়। পাশাপাশি তাদের সহায়তায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া তারা স্থানীয়দের মাঝে জীবাণুনাশক সাবান, মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে।

সন্দীপে নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় চরাঞ্চলের প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে ঈদের পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ করে। হাতিয়ায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় ২০০ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়।

অন্যদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ১১০ প্যাকেট ত্রাণ সামগ্রী মংলা কন্টিনজেন্ট উপজেলার চিলা ইউনিয়নের স্থানীয় গরিব, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দেশের সমুদ্র ও উপকূলীয় এসব প্রত্যন্ত এলাকাগুলোতে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টগুলো কাজ করে যাচ্ছে।

নৌবাহিনীর সদস্যরা স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ছিটানো, প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, টহল ও তল্লাশিসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।