২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদার বাশার হত্যার আসামি শফিক রিমান্ডে

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে ঠিকাদার আবুল বাশার তালুকদারকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিককে দুইদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 09:31 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শুক্রবার শফিকুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে শফিকুলের সাতদিনের রিমান্ড আবেদন করেন খিলগাঁও থানার এসআই আরসেল তালুকদার।

শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কশিশনার মো. জাফর হোসেন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মামলার এজহারভুক্ত আসামি শফিকুলকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা রামদা জব্দ করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, প্রাথমিক জিজ্ঞরাসাবাদে শফিক হত্যাকাণ্ডে সম্পৃক্ততা স্বীকার করেছেন।

আটক শফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, খিলগাঁও এবং রামপুরা এলাকায় অবৈধ ইট-বালুর ব্যবসা এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল।

আবুল বাশার তালুকদার খিলগাঁও ও রামপুরা এলাকায় ইট ও বালু সরবরাহের ঠিকাদারি করতেন। এই ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাইফুল গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবুল বাশার। এর জেরে গত বুধবার রাতে আবুল বাশারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বাশারের ভাই উজ্জ্বল তালুকদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।