২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশা নিধনে চিরুনি অভিযান সফল করুন: মেয়র আতিক

এইডিস মশা নিয়ন্ত্রণ করে রাজধানীবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে শনিবার মশা নিধনে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 07:07 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

এ অভিযান সফল করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

মেয়রের দায়িত্ব নেওয়ার পরদিন শুক্রবার কাউন্সিলদের সঙ্গে ভার্চুয়াল সভায় বসেন তিনি। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলা সভায় কাউন্সিলররা ছাড়াও ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আতিক বলেন, জনপ্রতিনিধিদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে।

“মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দেবে না।”

তিনি বলেন, “মশক নিয়ন্ত্রণ যেন ঠিক মতো হয় সেজন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে তদারক করবেন। এক্ষেত্রে নির্ধারিত গুণ ও পরিমাণ বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কি না, সেটা কাউন্সিলরদেরই নিশ্চিত করতে হবে।

“প্রত্যেক কাউন্সিলর তার ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণের জন্য দায়ী থাকবেন এবং তাকেই জবাবদিহি করতে হবে।”

ডিএনসিসি জানিয়েছে, শনিবার থেকে ডিএনসিসি এলাকায় চিরুনি অভিযান শুরু হবে। প্রতিদিন পাঁচটি অঞ্চলের ১টি করে ওয়ার্ডে চিরুনি অভিযান চলবে।

অভিযানে প্রাপ্ত এইডিস মশার বংশবিস্তারের বিস্তারিত তথ্য ডেটাবেইজে সংরক্ষণ করা হবে। এতে কোথায় কোথায় এডিস মশার বংশ বিস্তার ঘটছে, তার একটা তালিকা পাওয়া যাবে। সব তথ্য অ্যাপের মাধ্যমে ডিএনসিসির কর্মকর্তারা দেখতে পারবেন। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।