২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ মোকাবেলা, মশা নিধনে সিটি করপোরেশন, পৌরসভাকে বিশেষ বরাদ্দ

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা, মশা নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ থোক বরাদ্দ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 10:20 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

১২টি সিটি করপোরেশনকে সাড়ে ১৬ কোটি টাকা এবং ৩২৮টি পৌরসভার অনুকূলে ১৪ কোটি ১৩ লাখ টাকা অবমুক্ত করে বৃহস্পতিবার দুটি অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সেখানে বলা হয়েছে, চলতি ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 'সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা' খাতের বরাদ্দকৃত অর্থের অনুমোদিত বিভাজন অনুযায়ী সিটি করপোরেশনগুলোকে সাড়ে ১৬ কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম এবং গাজীপুর সিটি করপোরেশনকে দুই কোটি টাকা করে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে দেড় কোটি এবং খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনকে এক কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আলাদা আদেশে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের ক্ষমতাবলে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন বাজেটের বিশেষ থোক উপখাত থেকে ডেঙ্গু ও কোভিড-১৯ মোকাবেলায় জীবাণুনাশক ও সুরক্ষা সামগ্রী কিনতে পৌরসভাগুলোকে ১৪ কোটি ১৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

এর মধ্যে জেলা সদরের 'ক' শ্রেণির পৌরসভার জন্য সাড়ে পাঁচ লাখ টাকা, অন্যান্য ক' শ্রেণির পৌরসভার জন্য সোয়া চার লাখ ঢাকা, 'খ' শ্রেণির পৌরসভার জন্য চার লাখ টাকা এবং 'গ' শ্রেণির পৌরসভার জন্য সাড়ে তিন লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।