২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 05:13 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রঁসোয়া-ফিলিপ শাম্পেইনের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন তিনি।

মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

এসময় করোনাভাইরাস পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জোট গঠনের প্রস্তাব দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। এ জোট বিশ্বব্যাপী করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকবিলায় সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়টিকে ‘সকলের দায়িত্ব’ হিসেবে অভিহিত করে এক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় কানাডায় অবস্থারত বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতিতে টিউশন ফি মওকুফসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের পুনর্বাসনে কানাডার সহযোগিতা কামনা করেন তিনি।

বিভিন্ন দেশ ক্রয়াদেশ বাতিল করায় বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাত সমস্যাসংকুল অবস্থায় আছে উল্লেখ করে এই খাতের আমদানিকারক কানাডার সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, এ খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যাদের অধিকাংশই নারী।