বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
ঢাকার বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক মারা গেছেন।
তারা হলেন, শাহাদাত হোসেন (২১) ও মো. ইয়াসিন (২০)।
বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, “বাড্ডার ডিআইটি প্রজেক্ট ১১ নম্বর রোডের ২০ নম্বর নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে জমে থাকা বৃষ্টির পানি একটি মোটর দিয়ে উঠানোর জন্য এক শ্রমিক নিচে নামে।
“তখন মোটরটি চালু দিলে নিচের শ্রমিক বিদ্যুতায়িত হন এবং তাকে উদ্ধার করতে আরেক শ্রমিক নামলে সেও বিদ্যুতায়িত হন।”
পরে ফায়ার সার্ভিস এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শাহাদাতের বাড়ি নোয়াখালীতে, ইয়াসিনের বাড়ি শেরপুরে।
