করোনাভাইরাস: উপজেলা পরিষদের প্রকল্পের জন্য ১২ নির্দেশনা
কোভিড-১৯ সংক্রমণের মধ্যে উপজেলা পরিষদগুলোতে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ শেষ করতে এক ডজন নির্দেশনা দিয়েছে সরকার।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গত ১০ মে স্থানীয় সরকার বিভাগ এসব নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
সেখানে বলা হয়েছে, প্রকল্প এলাকায় করোনাভাইরাস রোগ বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে হবে। শারীরিক ও সামাজিক দূরত্ব রক্ষা করে প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে।
প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকরা শারীরিকভাবে সুস্থ কি না, তা যাচাইয়ে থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (যেমন- মাস্ক, হ্যান্ডগ্লাভস, গামবুট, হেলমেট ইত্যাদি) ব্যবহার করতে হবে।
প্রকল্প কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে নির্ধারিত নির্মাণ শেডে অবস্থান করতে হবে এবং প্রকল্প কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই প্রকল্প স্থানে অবস্থান করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ঠিকাদারকে প্রকল্প কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করতে হবে জানিয়ে নির্দেশনায় বলা হয়েছে, ট্রাকে করে নির্মাণ সামগ্রী সরবরাহের সময় ট্রাকের সামনে ব্যানারে উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন সুনির্দিষ্ট প্রকল্পের নাম লিখে রাখতে হবে।
এছাড়া চলমান প্রকল্প এলাকায় নির্দিষ্ট কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড বসাতে হবে। পাথর, সিমেন্ট বা অন্যান্য নির্মাণ সামগ্রী এক জেলা থেকে অন্য জেলায় পরিবহনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুমতি নিতে হবে।
প্রয়োজন অনুসারে প্রকল্পের কাজ চালানো নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অবহিত করতে হবে বলেও নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
