সাংবাদিক পারুলের মামলায় গ্রেপ্তার হয়নি কেউ
সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের দায়ের করা ‘যৌতুকের জন্য নির্যাতন ও ভ্রূণ হত্যার’ মামলায় তার সাংবাদিক স্বামী বা অন্য কোনো আসামিকে দুই দিনেও গ্রেপ্তার করেনি পুলিশ।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলছেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতিতে হয়তো একটু…।”
দৈনিক সমকালের সাংবাদিক পারুল গত সোমবার হাতিরঝিল থানায় তার স্বামী দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে ওই মামলা করেন। প্লাবন ছাড়াও তার মা-বাবা ও দুই ভাইকে মামলায় আসামি করা হয়।
প্লাবনের সঙ্গে ও পারুলের বিয়ে হয় গত ২ এপ্রিল। মামলা হওয়ার পর প্লাবন দাবি করেছেন, গত ৩০ এপ্রিল তিনি পারুলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর ‘যৌতুক’ হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন পারুলের কাছে। ‘অনৈতিক সম্পর্কে বাধা এবং যৌতুক না দেওয়ায়’ শারীরিক নির্যাতন শুরু হয় পারুলের ওপর। ‘মারধরের কারণে’ পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
৫ মে কুড়িগ্রামে প্লাবনের গ্রামের বাড়িতে গিয়েও ‘মারধরের শিকার’ হতে হয় বলে মামলায় অভিযোগ করেছেন পারুল।
এজাহারে বলা হয়েছে, প্লাবনের বড় ভাই এমএ আজিজ, ছোট ভাই এসএম নিজাম উদ্দিন এবং বাবা সামসুল হক ও মা ‘মারধর করেন’ পারুলকে।
আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে চাইলে পরিদর্শক মহিউদ্দিন বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। একজন এসআই মামলাটি নিয়ে কাজ করছেন।”
