২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগেই বকেয়া পরিশোধের দাবি স্কপের

ঈদের আগে সব শ্রমিকের বকেয়া বেতন-ভাতা, চলতি মে মাসের বেতন ও বোনাস এবং শ্রমিকদের পূর্ণমজুরি ও ঝুঁকিভাতাসহ সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 10:12 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে এক মানববন্ধনে এই দাবি জানানো হয় বলে স্কপের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।

স্কপের যুগ্ম সমন্বয়কারী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরূল আহসান, ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক সভাপতি খলিলুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন অংশ নেন।

শ্রমিক নেতারা বলেন, করোনাভাইরাস সঙ্কটে সরকার মালিকদের জন্য হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিলেও শ্রমিকদের কত শতাংশ মজুরি দেওয়া হবে, তা নিয়ে বিতর্ক ও কালক্ষেপণ করা হচ্ছে।

মালিকরা সীমিত আকারে কারখানা চালুর কথা বলে ব্যাপকভাবে কারখানা খুলে দিয়েছে দাবি করে স্কপ নেতারা বলেন, এতে শ্রমিকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ও মারা যাওয়ার ঝুঁকি বেড়েছে।

এখন কোনো শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসার দায়িত্ব মালিকপক্ষকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন স্কপ নেতারা।