ফেইসবুক লাইভে অশ্লীলতার মামলায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি
করোনাভাইরাস সঙ্কটের এই কালে ফেইসবুক লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকায় গ্রেপ্তার এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রায়হান আলম (২৫) নামে এই যুবক মঙ্গলবার দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ তার খাস কামরায় জবানবন্দি রেকর্ড করে রায়হানকে কারাগারে পাঠিয়ে দেন।
গ্রেপ্তার রায়হানকে আদালতে নিয়ে আসেন মিরপুর মডেল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মো. খোকন মিয়া।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-২ এর একটি দল শেওড়াপাড়া থেকে রায়হানকে গ্রেপ্তার করে। এরপর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
এতে অভিযোগ করা হয়, মধ্যরাতে ফেইসবুক লাইভে এসে রায়হান কুরুচিপূর্ণ ও অশ্লীল নাচানাচি করতেন। ফেইক আইডি খুলে বিভিন্ন মেয়ের সঙ্গে চ্যাট করতেন। ওই চ্যাটের স্ক্রিনশট রেখে ওই মেয়েদের ভয়ভীতিও দেখাতেন।
