ছয় দফা দিবসের অনুষ্ঠান নির্মাণ নিয়ে অনলাইনে সভা
বিটিভি ও অ্যাটকোর প্রযোজনায় ডিজিটাল পদ্ধতিতে ঐতিহাসিক ছয় দফা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির প্রধান সমন্বয়ক কামাল চৌধুরীর সভাপতিত্বে সোমবার বিকালে অনলাইনে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে ছয় দফা দিবসের বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর প্রযোজনায় নির্মাণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এই সভায়।
অনলাইন সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ,অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, কবি তারিক সুজাত এবং বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ৯ মে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সমবেত না হয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আগামী ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে চলতি বছর ১৭ মার্চ থেকে এক বছর ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ অতিথিদের নিয়ে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত করা হয়।
পরে সীমিত পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানের আয়োজন আগে থেকেই রেকর্ড করে ১৭ মার্চ রাত ৮টায় দেশের সব টিভি চ্যানেলে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার করা হয়।
এর আগে গত ২৫ এপ্রিল কামাল আবদুল নাসের চৌধুরী ইঙ্গিত দিয়েছিলেন, করোনাভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন ডিজিটাল মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
