পুরো বেতনের দাবিতে গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর
শতভাগ বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরে ডিবিএল গ্রুপের একটি পোশাক কারখানা ভাংচুর করেছেন শ্রমিকরা।
রোববার ওই কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের ৬০ শতাংশ দেওয়া হয়। কিন্তু সোমবার শ্রমিকরা কারখানায় এসে পুরো মজুরির দাবিতে ভাংচুর শুরু করেন।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা ভিডিওতে জনা পঞ্চাশেক শ্রমিককে ঢিল ছুড়ে কারখানার গেইটের কাচ ভাঙতে দেখা গেছে। শ্রমিকরা কারখানার কয়েকটি যানবাহনও ভাংচুর করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, “এপ্রিল মাসের শতভাগ বেতনের দাবিতে করে সোমবার সকালে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে কারখানার সামনে এসে অবস্থান নেন।
পরে মালিকপক্ষের সঙ্গে পুলিশের বৈঠক শুরু হলে দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা সেখান থেকে চলে যান বলে জানান পুলিশ কর্মকর্তা সুশান্ত।।
ডিবিএল গ্রুপের অন্যতম কর্ণধার ও বিজিএমইএর সহসভাপতি এমএ রহিম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা গতকাল বেতন হাতে পাওয়ার পর আজকে কারখানায় কাজে যোগ দিয়েছিল। সেখান থেকে উঠে গিয়ে তারা বিক্ষোভ শুরু করে।
রহিম ফিরোজ বলেন, “ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না; ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা যাবে না বলে সরকার সিদ্ধান্ত দিয়েছে। এখন তারা কালকে এসে যদি ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়, আমাদের কিছুই করার থাকবে না। কারণ সরকারি সিদ্ধান্তের পর আমাদের হাত-পা এখন বাঁধা।”
ডিবিএল গ্রুপে প্রায় ৩৬ হাজার শ্রমিক কাজ করেন। যে কারখানায় ভাংচুর হয়েছে সেখানেই ২৪ হাজার শ্রমিক।
রহিম ফিরোজ বলেন, শত শত শ্রমিক কাজ ছেড়ে চলে গেলেও ভাংচুরে অংশ নিয়েছে ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তারা এসব শ্রমিকদের চিহ্নিত করেছেন।
নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পুরো এপ্রিল মাস জুড়েই দেশের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ ছিল। এই সময়ের মধ্যে লে অফ ঘোষণা না করে অনুপস্থিত শ্রমিকদেরকে ৬০ শতাংশ মজুরি দিতে বলে দিয়েছে শ্রম মন্ত্রণালয়।
সঙ্কটময় পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের বেতন দিতে মাত্র দুই শতাংশ সুদে মালিকদেরকে প্রয়োজনীয় অর্থ হস্তান্তর করেছে সরকার।
