২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার অন্তঃসত্ত্বা সেই নারীর করোনাভাইরাস শনাক্ত, এবারও পাশে পুলিশ

পাঁচদিন আগে পুরান ঢাকায় বিপাকে পড়া যে অন্তঃসত্ত্বাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছিল, নমুনা পরীক্ষায় তার শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 01:06 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার।

ওইদিন কয়েক হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে ফেরার পর ঢাকা মেডিকেলে ওই নারীর নমুনা পরীক্ষা করতে দিতে সক্ষম হয় পুলিশ। পরে কিছু খাবার দিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়েছিল পুলিশ।

বংশাল থানার ওসি শাহীন ফকির সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।”

তিনি বলেন, আগামী ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শে তাকে আজ (সোমবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি শাহীন ফকির বলেন, “ওই অন্তঃসত্ত্বাকে তার কসাইটুলীর বাসা থেকে হাসপাতালে নিতে  সোমবারও পুলিশের গাড়ি পাঠানো হয় এবং হাসপাতালে ভর্তির যাবতীয় কাজ পুলিশ করেছে।”

তিনি বলেন, “গত বুধবার থেকেই পুলিশ ওই নারীর বিষয়টি খেয়াল রেখেছে এবং খাবার সরবরাহসহ সুবিধা-অসুবিধা লক্ষ্য রেখেছে।

“সিনিয়র স্যাররা আগেই আমাদের জানিয়েছেন, যেহেতু এই নারী হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি পেতে সমস্যা হয়েছিল, ডেলিভারির সময়ও হাসপাতালে যেতে সমস্যা হবে। তাই পুলিশ সবসময় এই বিষয়টি খেয়াল রেখেছে এবং সোমাবারও তাকে হাসপাতালে নিয়ে গেছে।”

পুরনো খবর:

করোনাভাইরাস উপসর্গ থাকা অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিল পুলিশ