বইছে মৃদু তাপপ্রবাহ
দুই সপ্তাহ ঝড়-বৃষ্টির দাপট চলার পর বৈশাখের শেষে এসে দেশের বিভিন্ন এলাকায় শুরু চলছে তাপপ্রবাহ।
আবহাওয়া অফিস বলছে, কিশোরগঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, হাতিয়া, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে এই ‘মৃদু’ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জ্যেষ্ঠ আহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, “শনিবার থেকে দেশে এই তাপপ্রবাহ বইছে। সোমবার-মঙ্গলবারও কোথাও কোথাও ঝড় বৃষ্টি হবে। ১২ মের দিকে তাপপ্রবাহ কেটে যাবে। তবে ১৫ মের দিকে বিভিন্ন জায়গায় গরম বাড়বে আবার।”
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, সিলেট, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় এবং নোয়াখালী অঞ্চলে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বজলুর রশীদ জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে- দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) বয়ে যেতে পারে। অন্যান্য এলাকায় দুয়েকটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
