২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ৭০ পরিবারকে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কর্মহীন হয়ে সঙ্কটে পড়া লক্ষ্মীপুরের ৭০টি পরিবারের হাতে নিত্যপণ্য সামগ্রী তুলে দিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 07:28 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

শনিবার সংগঠন দুটির স্বেচ্ছাসেবীরা জেলা শহরের অসহায় ওইসব লোকদের বাড়িতে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, আলু, চিড়া, মুড়িসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের প্যাকেট পৌঁছে দেন।

স্বেচ্ছাসেবীরা জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'উদ্যোগ' জাতীয় সংগঠন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের (হেলো) অর্থায়নের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান। বিভিন্ন নাগরিক, সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীরা এই কর্মসূচিতে সহযোগিতা করেন।

ঢাকা থেকে অনলাইনে এই কর্মসূচির উদ্বোধন করেন 'হেলো'র প্রধান পৃষ্ঠপোষক ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমেদ। অনুষ্ঠানে অনলাইনে সরাসরি যোগ দেন লক্ষ্মীপুরের সন্তান ফেনী জেলার জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে হেলোর গণমাধ্যম বিয়ষক প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ হোসাইন, ন্যাশনাল কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের (লক্ষ্মীপুর) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।