৭ বিশেষ ফ্লাইটে নাগরিকদের ফেরাচ্ছে ভারত
করোনাভাইরাস মহামারীর কারণে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের সাতটি বিশেষ ফ্লাইটে ফেরাচ্ছে ভারত সরকার।
শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এতে ১৬৮ জন মেডিকেল শিক্ষার্থী কাশ্মিরের রাজধানী শ্রীনগর গেছেন।
বিদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে ‘বন্দে ভারত মিশন’ নামক প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসাবে তাদের ফেরানোর কথা জানিয়েছে ঢাকায় ভারতের হাই কমিশন।
হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ফ্লাইটে ফিরেছেন কাশ্মীরের ১৬৮ জন শিক্ষার্থী, যারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করেন। বিমানবন্দরে তাদের বিদায় জানান ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
বিকালের আগেই এই শিক্ষার্থীরা শ্রীনগর পৌঁছে যান বলে পিটিআই জানিয়েছে। এই শিক্ষার্থীদের ফেরার বন্দোবস্তু করার জন্য রীভা গাঙ্গুলীকে ধন্যবাদ জানান শ্রীনগরের উপ পুলিশ কমিশনার শহীদ ইকবাল চৌধুরী।
ভারতীয় হাই কমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার আরও ছয়টি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (১২ ও ১৩ মে), দিল্লি (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।
ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে ৫শ’র কাছাকাছি যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভাষণে ২২ মার্চ দেশবাসীকে 'জনতা কারফিউ' পালনের ডাক দিয়েছিলেন।
তবে ২০ এপ্রিলের পরে কিছু কিছু ক্ষেত্রে দেশটিতে লকডাউন শিথিল করা হলেও তৃতীয় দফায় লকডাউন বেড়েছে ১৭ মে পর্যন্ত।
এর মধ্যে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে ’বন্দে ভারত মিশন’ কার্যক্রম পরিচালনা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।
প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনার জন্য বেশিরভাগ রাজ্যের নোডাল অফিসারদের নিয়োগ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, শুক্রবার পর্যন্ত ভারতে ৫৬ হাজার ৫১৬ জনের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন।
