২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ মোকাবেলায় ২২০ লাখ ডলার দিল যুক্তরাষ্ট্র

প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ২২০ লাখ ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 10:59 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মাধ্যমে দেওয়া হচ্ছে এই অনুদান।

এই তহবিলের আওতায় বৃহস্পতিবার সারা বাংলাদেশের চিকিৎসকদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

ইউএসএআইডির সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিলে তৈরি করেছে ওই কোর্স।

সেখানে সরকারের ই-লার্নিং কার্যক্রম ‘মুক্তপাঠ’-এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।

এই কার্যক্রম বাস্তবায়ন করছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম এবং অনলাইন কার্যক্রমের ব্যবস্থাপনা করছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)।

Image
যুক্তরাষ্ট্রের এই তহবিলের আওতায় সারা বাংলাদেশের চিকিৎসকদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে, যার মাধ্যমে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সময় সতর্কতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের এই তহবিলের আওতায় সারা বাংলাদেশের চিকিৎসকদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে, যার মাধ্যমে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সময় সতর্কতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। (ফাইল ছবি)

প্রশিক্ষণ কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, এই কোর্সটি কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করার সময় যেসব সতর্কতার বিষয় মাথায় রাখা প্রয়োজন সে সম্পর্কে জানতে চিকিৎসকদের সহায়তা করবে।

“কোভিড-১৯ মোকাবেলায় আমাদের সহায়তার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য মানসম্পন্ন জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে আমাদের দীর্ঘস্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।”

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মোকাবেলার প্রস্তুতি ও কার্যক্রম বাস্তবায়নে যেসব ক্ষেত্রে রোগনির্ণয় ও পরীক্ষাগারের সক্ষমতা জোরদার করা; আক্রান্তের ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ চর্চা উন্নতকরণ; সরবরাহ ব্যবস্থা ও দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করা; এবং জ্ঞান বাড়ানো, গুজব ও ভুল ধারণা দূর করতে ঝুঁকি বিষয়ক তথ্য যোগাযোগ বার্তা প্রচার জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিগত ২০ বছরে বা্ংলাদেশে এক বিলিয়ন ডলারের অধিক স্বাস্থ্য সহায়তার ধারাবাহিকতায় এবারের অনুদান দেওয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্তদের শনাক্তকরণ, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সঙ্গে কাজ করছে ইউএসএআইডি।