২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাকাত ফান্ডের অর্থ পাবেন করোনাভাইরাসে দুর্গতরা

এবার সরকারি যাকাত ফান্ডের অর্থ করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর জীবনযাপনকারীদের কল্যাণে ব্যয় করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 05:39 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

প্রতি বছর অসহায় দুঃস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই অর্থ ব্যয় করা হয়ে থাকে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও তার বাইরে নয়।

“এই মহামারির প্রাদুর্ভাব কমাতে সরকারি নির্দেশ মোতাবেক সকল মানুষের ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল জনগোষ্ঠী কর্মহীন ও রোজগারবিহীন অবস্থায় পতিত হয়েছে। বিশেষ করে গরিব ও নিম্ন আয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।”

এই সব অসহায়, দুঃস্থদের সহায়তায় ইতোমধ্যে সরকার বিভিন্ন কমর্সূচি হাতে নিয়েছে এবং তাদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও ত্রাণের ব্যবস্থা করে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও সরকারি যাকাত ফান্ডের অর্থ যারা কর্মহীন হয়ে অসহায়, মানবেতর জীবন-যাপন করছেন তাদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ সব সময় যথাযথভাবে ইসলামি শরীয়াহ মোতাবেক ব্যয় করা হয়ে থাকে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাকাত প্রদানে সক্ষম যে কেউ ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগে শামিল হতে পারেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে দেশের এই সংকটকালে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”