২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিত্ব না থাকলেও সাংবাদিকদের পাশে আছি: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের প্রতি মমত্ববোধ প্রকাশ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সবসময় তাদের পাশে থাকার কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 04:16 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে জীবাণুমুক্তকরণ চেম্বার উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, “এপর্যন্ত দেশে প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

“সবকিছু লকডাউন হলেও গণমাধ্যম খোলা থাকে, বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারীর মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।আমি আমার প্রিয় বন্ধুপ্রতিম সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে হারিয়েছি।”

সাংবাদিকদের প্রতি গভীর মমতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি সবসময় মন্ত্রী ছিলাম না বা থাকব না, কিন্তু আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমি সকল সাংবাদিকের করোনা পরীক্ষার বিশেষ ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তারা সে ব্যবস্থা করেছে। বিশেষ বুথের জন্যও আমি তাদের তাগাদা দেব।

“সেইসাথে দুস্থ সাংবাদিকদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে যথাসম্ভব কিছু করার চেষ্টা করছি, শিগগিরই কিছু করতে পারব বলে আশা করি।”

হাছান মাহমুদ বলেন, “বিশ্বে রাষ্ট্রীয়ভাবে মেডিকেল গবেষণায় যে অর্থ ব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি ব্যয় হয় সামরিক খাতে। কিন্তু সমগ্র বিশ্ব আজ এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত, যেখানে শুধু মাস্ক, স্যানিটাইজার আর জীবাণুনাশক নিয়েই আমাদের কাজ করে যেতে হচ্ছে।

“আমার প্রশ্ন, এখনও কি আমরা অস্ত্রের প্রতিযোগিতায় থাকব, নাকি সম্মিলিতভাবে মানবসমাজের জন্য কাজ করব?  আর অস্ত্রের প্রতিযোগিতা নয়, সবাই মিলে মানুষের সুরক্ষার জন্য কাজ করাই হোক পৃথিবীর সব রাষ্ট্রের ব্রত।”

তথ্যমন্ত্রী করোনাভাইরাসের বৈশ্বিক রূপ তুলে ধরে বলেন, “এটি কোনো জাতীয় দুর্যোগ নয়, এটি বৈশ্বিক মহামারী। এসময় মানুষ যেন হতাশাগ্রস্ত হয়ে না পড়ে, সেজন্য আপনারা আশাব্যঞ্জক সংবাদ পরিবেশন করুন।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকা রক্ষা, অর্থনৈতিক প্রণোদনাসহ দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় এনে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এমনকি দি ইকনোমিস্ট-ও প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছে।”

অনুষ্ঠানের শুরুতে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রয়াত নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় করোনাভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ডিজইনফেকশন চেম্বার প্রদানকারী সংগঠন ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ-এনআইবির নির্বাহী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও ডিআরইউ সহসভাপতি নজরুল কবীর, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী।