করোনাভাইরাসে আরেক পুলিশের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঘুনাথ রায় নামের ওই সহকারী উপ পরিদর্শকের মৃত্যু হয় বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।
এএসআই রঘুনাথ ঢাকা মহানগর পুলিশের পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) বিভাগে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
এ নিয়ে পুলিশ বাহিনীতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা বেড়ে হল ছয়জন।
পুলিশ সদরদপ্তর জানায়, নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়লে এএসআই রঘুনাথকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ৪ এপ্রিল তাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে সেখানেই তিনি মারা যান।
রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলেকে রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার শেষকৃত্য হবে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।
