ঢাবিতে ‘করোনা ল্যাব’ উদ্বোধন
নতুন করোনাভাইরাস শনাক্তে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই নমুনা পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে এই ল্যাব স্থাপন করা হয়েছে। এখানে তিনটি পিসিআর মেশিনে প্রতিদিন প্রায় চারশ নমুনা পরীক্ষা করা যাবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ল্যাব উদ্বোধন করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সরবরাহ করলে আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছন ঢাকা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।
তিনি বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস টেস্টের জন্য আমাদের ল্যাব প্রস্তুত। আমাদের তিনটি পিসিআর মেশিন রয়েছে।
“স্বাস্থ্য অধিদপ্তর স্যাম্পল সরবরাহ করলেই আমরা পরীক্ষা শুরু করব। তাদের সাথে কথা হয়েছে, বৃহস্পতিবার থেকে স্যাম্পল দেবেন বলেছেন।”
অধ্যাপক আখতারুজ্জামান ল্যাব পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সব ধরনের ঝুঁকি নিরসন বা নিরাপত্তার প্রতি যত্নশীল থাকার অনুরোধ জানান।
এসময় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কার্স) এর পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ নিজামূল হক ভূইয়া, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
