চুক্তিতে বিমসটেক মহাসচিব থাকছেন শহীদুল
বিমসটেক মহাসচিব হিসেবে কর্মরত পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে চাকরির মেয়াদ শেষে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার।
তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১০ জুন বা যোগদানের তারিখ থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিমসটেক মহাসচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেক্সিকোর রাষ্ট্রদূত থাকছেন সুপ্রদীপ
চাকরির মেয়াদ শেষ হলেও পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে চুক্তিতে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে রেখে দিচ্ছে সরকার।
সুপ্রদীপ চাকমার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৪ মে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৪ সালের মার্চে মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান সুপ্রদীপ চাকমা। এর আগে তিনি ভিয়েতনামের রাষ্ট্রদূতসহ মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দায়িত্বে ছিলেন।
জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মাকসুরা নুরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা কাজল ইসলাম ৬ মে অবসরোত্তর ছুটিতে যাবেন।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ হারুনুর রশিদ আহমেদকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ন্যাশনাল হাউজ হোল্ড ডেটাবেইস (এনএইচডি) প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
