মুনতাসীর মামুনের জন্য মেডিকেল বোর্ড
করোনাভাইরাসে আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল।
এই হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা স্যারের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। আজ (মঙ্গলবার) দুপুরে আমরা স্যারের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেব।”
আইসিউতে থাকা মুনতাসীর মামুনের অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলেও তিনি জানান।
মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক মনিলাল ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবীনা ইয়াসমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, এনেসথেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান।
নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার রাতে হাসপাতালে ভর্তি হন মুনতাসীর মামুন। রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়।
পরে সোমবার দুপুরে চিকিৎসকরা জানান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
ডা. মনিলাল জানান, ৬৯ বছর বয়সী এই অধ্যাপকের হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে। তার যে শারীরিক অবস্থা তাতে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এর আগে তার মা জাহানারা খান কোভিড-১৯ এ আক্রান্ত হন। অধ্যাপক মুনতাসীরই তাকে গত ১৮ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে তার মা প্রায় সেরে উঠছেন বলে চিকিৎসকরা জানান।
