করোনাভাইরাসে ডা. মনিরুজ্জামানের মৃত্যুতে বিএমএ’র শোক
করোনাভাইরাসে চিকিৎসক মো. মনিরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক শোক বার্তায় ডা. মনিরুজ্জামানের আত্মার শান্তি কামনা ও শোকগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অবসরপ্রাপ্ত কর্নেল ডা. মো. মনিরুজ্জামান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে যোগ দেন। সবশেষ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করছিলেন তিনি। এই মেডিকেলের চিফ হেমোটোলজিস্ট অধ্যাপক মনিরুজ্জামান।
“মৃত্যুর পর তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার কোভিড-১৯ শনাক্ত হয়।”
করোনাভাইরাসের মহামারীর মধ্যে এ নিয়ে দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হল।
এর আগে গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
এদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।
বিএমএ’র সভাপতি ও মহাসচিব এই চিকিৎসকের মৃত্যুতে এক শোক বার্তায় নিহতের আত্মার শান্তি কামনা করেন।
সংগঠনের দপ্তর সম্পাদক জানান, ডা. আবু জাফর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে মারা যান।
