২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে জনসমাগম পরিহারের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবারের ‘মে দিবসে’ শ্রমিক সংগঠনগুলোকে জনসমাগম হয়- এমন কর্মসূচি না নিতে অনুরোধ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 08:17 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’ – এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার দেশে মে দিবস পালিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতি বছর নানা আয়োজনের মধ্যে দিনটি পালন করলেও এবার পরিস্থিতি ভিন্ন।

ভাইরাসের বিস্তার রোধে অন্য অনেক আয়োজনের মত মে দিবসের সব আনুষ্ঠানিকতাও এবার বাতিল করা হয়েছে বলে জানানো হয় সেখানে।

১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে ধর্মঘট শুরু করেছিল। সেই আন্দোলন দমনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দেবেন। এছাড়া জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মে দিবস উপলক্ষে এক বার্তায় ‘শ্রমজীবী মেহনতি ভাই বোনদের’ শুভেচ্ছা জানিয়ে বলেন, “করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কোনো প্রকার আনুষ্ঠানিকতার চেয়ে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবার আগে।”

নতুন এই করোনাভাইরাস অত্যন্ত ছোঁয়াচে বলে সব ধরনের জনসমাগম এড়িয়ে সবাইকে সামাজিক ও শারীরিক দূরত্বের নিয়ম মেনে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। গত ২৬ মার্চ থেকে অফিস-আদালতের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ রেখেছে সরকার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতা দিবস ও বর্ষবরণের সব আয়োজনও বাতিল করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় এবারের মে দিবসে শ্রমিক সংগঠনগুলোকেও জনসমাগমের কোনো কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কারখানা খোলা রাখলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবশ্যই কঠোভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা যেমন- শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে।”