২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা উপলক্ষে কওমী মাদ্রাসাগুলো পেল ৮ কোটি টাকা

রোজা উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমী মাদ্রসায় আর্থিক সহায়তা হিসেবে আট কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 06:09 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইতোমধ্যে পুরো অর্থ মাদ্রাসাগুলোয় পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রংপুর বিভাগে ৭০৩টি, খুলনা বিভাগে ১০১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১৪৮১টি ও সিলেট বিভাগে ৪৮১টি কওমী মাদ্রাসা রয়েছে।

এসব বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও কওমী মাদ্রাসাগুলোতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ পৌঁছানোর বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কয়েক দিন আগেই চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার কওমী মাদ্রাসার জন্য দেওয়া প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে গেছে।”

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলাসহ অন্যান্য জেলাগুলোর কওমী মাদ্রাসায় আর্থিক সহায়তার অর্থ পৌঁছেছে বলে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান জানিয়েছেন।

রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, দ্বিতীয় ও তৃতীয় রোজায় রংপুর জেলায় অবস্থিত ৯৫টি কওমী মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর দেয়া ১৩ লক্ষাধিক টাকা সহায়তা প্রদান করা হয়েছে।