২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বেসরকারি হাসপাতালে হবে করোনাভাইরাস পরীক্ষা

দেশে কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার আওতা বাড়ানোর জন্য প্রথমবারের মত চারটি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 04:12 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

এর মধ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল শুধু তাদের ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করবে। সেজন্য রোগীদের খরচ হবে সাড়ে তিন হাজার টাকার মত।  

আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসাতাল বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে। সেখানে টেস্টিং কিটসহ অন্যান্য সরঞ্জাম সরকার থেকে দেওয়া হবে বলে রোগীদের কোনো খরচ লাগবে না।

এই চারটি বেসরকারি হাসপাতাল মিলিয়ে দেশে এখন ২৯টি মেডিকেল প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ২৫টি ল্যাবে বিনা খরচে করোনাভাইরাস পরীক্ষা হয়ে আসছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে এসে চার বেসরকারি হাসপাতালকে পরীক্ষার অনুমতি দেওয়ার তথ্য তুলে ধরেন।  

তিনি বলেন, “তারা যে নমুনা পরীক্ষা করবেন, আমরা তা আগামীকাল থেকে অথবা যখন তারা কাজ শুরু করবেন তখন থেকে হিসাবে যুক্ত করব।”

তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাসিমা সুলতানা বলেন, “অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনও তাদের আউটডোর পেশেন্টের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।”

ওই তিন হাসপাতালের বিষয়ে তিনি বলেন, “আমরা তাদের বলেছি যে রোগী ভর্তি হবে তাদের পরীক্ষা করতে পারবে। সেক্ষেত্রে তাদের সরকার নির্ধারিত একটি ফি আছে সেটা তারা নিতে পারবেন।

“তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাদের কিট এবং অন্যান্য বিষয়ের যে খরচ আছে সেটা তারা নিতে পারবেন।”

সেই অংকটি কত জানতে চাইলে অধ্যাপক নাসিমা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালগুলো শুধু কিটের দাম রাখবে। কিটের দাম হয় ২৫০০ থেকে ২৮০০ টাকা। এছাড়া আরও কিছু সেটআপ আছে। সব মিলিয়ে আমরা সাড়ে তিন হাজার টাকা ঠিক করে দিয়েছি।”

ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাইরের রোগীদেরও নমুনা পরীক্ষা করা হবে এবং সেজন্য রোগীদের কোনো টাকা দিতে হবে না বলে জানান ডা. নাসিমা।

“ইউএস-বাংলা মেডিকেল কলেজ যে ল্যাব বানিয়েছে সেখানে টেস্টিং কিটসহ অন্যান্য সরঞ্জাম আমরা দিচ্ছি। তারা শুধু পরীক্ষা করে দিবে।”

ঢাকার বাইরে আরও কোনো হাসপাতাল করোনাভাইরাস পরীক্ষার অনুমতি চাইলে স্বাস্থ্য অধিদপ্তর তা বিবেচনা করবে বলেও অতিরিক্ত মহাপরিচালক জানান।

তিনি বলেন, “ঢাকার বাইরেও যেসব হাসপাতাল এই পরীক্ষা করতে সক্ষম তারা আমাদের কাছে আবেদন করবেন। আমাদের টিম গিয়ে তাদের ল্যাব পরিদর্শন করে অনুমোদন দেওয়ার মত হলে দেওয়া হবে। আমরা অনুমোদন দিতে প্রস্তুত আছি।”

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৬৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭১০৩ জন হয়েছে। এই সময়ে আরও আটজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ জন হয়েছে।

পুরনো খবর:

করোনাভাইরাস পরীক্ষা সরকারিতেই থাকছে