২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু করোনাভাইরাসেই

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 12:19 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছেন।

ঢাকার উত্তরার ওই বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মৃত্যু হয় দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক খোকনের।

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তখনই চিকিৎসকরা তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।”

হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

তাদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে জানিয়ে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শিবলী বলেন, “আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।”

সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন।

মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির সময়ই এই সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তাররা চেষ্টা করলেও ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।

হাবিব বলেন, “খোকন ভাইয়ের মৃতদেহ ইতোমধ্যে মুরাদনগরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দাফন হবে।”

পুরনো খবর:

ঢাকায় শ্বাসকষ্ট নিয়ে সাংবাদিকের মৃত্যু