কেরানীগঞ্জে কর্মহীন মানুষদের প্রতিমন্ত্রী নসরুলের ত্রাণ বিতরণ
করোনাভাইরাসে সঙ্কটে কর্মহীন হয়ে পড়া ঢাকার কেরানীগঞ্জের মানুষের মধ্যে তৃতীয় দফায় ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে ৩০ হাজার পরিবারকে তিনি খাদ্য সহায়তা দেন বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান প্রক্ষাপটে ঘরে বসে থাকা কেরানীগঞ্জের দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। তাদের কাছে পৌঁছে দেওয়া হবে খাদ্য সামগ্রী। কেরানীগঞ্জবাসীর যে কোনো প্রয়োজনে তাদের সাথেই থাকব।
“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার সাথে নিম্ন আয় ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে প্রথম থেকেই মাঠে আছি।”
ইতোমধ্যে দুই দফায় ৫০ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর লক্ষাধিক প্যাকেট বিতরণ করা হয়েছে বলে জানান সংসদ সদস্য নসরুল হামিদ।
