জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী করোনাভাইরাসে আক্রান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন গাড়িচালকের করোনাভাইরাসে মৃত্যুর পর এবার একজন নিরাপত্তা রক্ষী আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ওই নিরাপত্তা রক্ষীর নমুনা পরীক্ষায় ‘করোনাভাইরাস পজিটিভ’ আসে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার আগে থেকেই কাশি ছিল, শ্বাসকষ্টের সমস্যা আছে৷ গতকাল সকালে সে নিজেই মুগদা জেনারেল হাসপাতালে স্যাম্পল দিয়ে আসে। আজকে সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ আসে।
“কিছুদিন আগে তার পেটে ব্যথা ছিল। ব্যথা থাকার কারণে হাসপাতালে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসে। যেহেতু ক্যাম্পাসে একজনের করোনাভাইরাস হয়েছে, তাই সবাই তাকে টেস্ট করাতে পরামর্শ দিয়েছিল।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সার্বিক সহায়তা করবে জানান তিনি।
“তাকে হাসপাতালে যেতে বলছি। সে তার পরিচিত ডাক্তারদের সাথে কথা বলেছে। তারা বলছে, আপাতত বাসায় ট্রিটমেন্ট নিতে।”
পঞ্চাশোর্ধ্ব এই নিরাপত্তা রক্ষী আগে ডিউটি করে বাড্ডার বাসায় চলে যেতেন। সম্প্রতি ডিউটি শেষে তিনি ক্যাম্পাসেই থাকতেন বলে জানিয়েছেন প্রক্টর মোস্তফা কামাল।
আক্রান্ত নিরাপত্তা রক্ষীর স্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ দিন তিনি বিশ্ববিদ্যালয়ে থেকে ডিউটি করেছিলেন তার স্বামী।
“তখন জ্বর জ্বর আসছিল। অসুস্থতার কারণে শুক্রবারে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। রিকশা দিয়ে বাসায় আসছিলেন। এর ঠাণ্ডা লেগে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।”
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের একজন গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে মারা যান।
