২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ আক্রান্ত সেই শ্রমিক কারখানায় যাননি, দাবি কর্তৃপক্ষের

কোভিড-১৯ আক্রান্ত এক শ্রমিক পিরোজপুরের বাড়ি থেকে এসে ঢাকার আশুলিয়ায় কর্মস্থলে যোগ দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করেছে ওই শিল্প কারখানা কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 11:53 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার উইন্ডি অ্যাপারেলস কর্তৃপক্ষ বলছে, ওই শ্রমিক এলেও তাকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।

ওই শ্রমিক বলেছেন, তিনি আশুলিয়ায় যে মেসে থাকতেন, পুলিশের নির্দেশে সেখানেই রয়েছেন এবং তা ফোনে কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছেন।

২৮ বছর বয়সী ওই যুবকের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামে। তিনি গত মার্চে উইন্ডি অ্যাপারেলসে যোগ দেন।

করোনাভাইরাস মহামারী ঠেকাতে সব সব প্রতিষ্ঠানের মতো পোশাক কারখানাও বন্ধ হয়ে যাওয়ার পর গত ৮ এপ্রিল পিরোজপুর ফিরে গিয়েছিলেন ওই যুবক। স্থানীয়দের পরামর্শে তিনি বাড়িতেই ছিলেন। এরপর ২২ এপ্রিল পিরোজপুরে থেকে বাড়ি গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে স্থানীয় চিকিৎসা বিভাগ।

কিন্তু তিনি অসুস্থ ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওই গ্রামের জামাল সিকদার নামে একজন বলেন, “সে এলাকায় এসে মাছ ধরেছে এবং স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলাসহ নিয়মিত চলাচল করেছে।”

অসুস্থতার কোনো লক্ষণ না দেখে কারখানা খোলার খবর শুনে আশুলিয়ায় ফেরেন বলে জানান ওই যুবক।

এদিকে ২৫ এপ্রিল ওই যুবক পিরোজপুর ছাড়ার পর তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, গত ২২ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার রাতে তার নমুনায় ‘পজিটিভ’ আসার খবর আসেন তারা।

রোগের উপসর্গ হাল্কা হওয়ায়  ওই শ্রমিক কারখানায় কাজে যোগ দিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়।

উইন্ডি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে ওই শ্রমিকের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তাকে আসতে দেওয়া হয়নি। তিনি গত দুদিনে নিজের মেসেই ছিলেন। ওই মেসে উইন্ডির কোনো কর্মীও থাকেন না।

কাজের জন্য বাড়ি ছেড়ে এসেও কেন কাজে যোগ দিলেন না- জানতে চাইলে তিনি বলেন, “ওই শ্রমিক নিজ থেকেই বাসায় অবস্থান করছিল। পুলিশ বর্তমানে সংশ্লিষ্ট মেসবাড়িটি লকডাউন করে রেখেছে।”

প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ২৬ এপ্রিল থেকে পোশাক শিল্পসহ রপ্তানিমুখী কারখানাগুলো চালু হতে শুরু করেছে। সরকারেরও এতে সায় আছে।
দূরের জেলাগুলো থেকে শ্রমিক না এনে স্থানীয় শ্রমিক দিয়ে উৎপাদন শুরুর পরামর্শ দিয়েছিল মালিকদের সংগঠন বিজিএমইএ।

প্রায় ১৫শ শ্রমিক অধ্যুষিত উইন্ডি অ্যাপারেলে আগামী জুন মাস নাগাদ কাজ চালিয়ে নেওয়ার ওয়ার্ক অর্ডার রয়েছে। সে কারণেই পুরো সক্ষমতা কাজে লাগাতে শুরু করেছে তারা।

কোভিড-১৯ আক্রান্ত ওই পোশাক শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ২৫ এপ্রিল আশুলিয়ার জামগড়ায় মেসে ওঠার পর ওই রাতেই পিরোজপুর থেকে পুলিশ তাকে ফোন করে।

“ফোন করে জানায়, আমার করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাই আমাকে ঘরে থাকতে হবে। এরপর থেকে আমি ঘরেই আছি। অফিসেও বিষয়টি জানিয়েছি।”

এই যুবক জানান, শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন, তার জ্বর, গলা ব্যথা, কাশি কিংবা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ নেই।

এদিকে ওই যুবকের গ্রামের বাড়িসহ পাশের আরেকটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানিয়েছেন।