সর্বত্রই ‘উনার অভাব অনুভূত হবে’
বাংলাদেশের জন্মলগ্ন থেকে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখে আসা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী যুক্ত ছিলেন হালের উন্নয়ন কর্মকাণ্ডেও, তাই তার অনুপস্থিতি সর্বত্রই প্রকট হয়ে দেখা দেবে বলে মনে করছেন এই খাতের শীর্ষস্থানীয়রা।
অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও প্রকৌশলীরা বলছেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন বটবৃক্ষের মতো, যে কোনো সমস্যায় শেষ ভরসাস্থল হয়ে ছিলেন তিনি।
সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ৭৭ বছর বয়সী এই সিভিল ইঞ্জিনিয়ার প্রকৌশল বিদ্যার পাশাপাশি কম্পিউটার, পরিবেশসহ নানা খাতের উন্নয়নে ভূমিকা রেখেছেন।
স্বাধীনতার পর বাংলাদেশের প্রায় সব বড় ভৌত অবকাঠামো নির্মাণে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন তিনি। নব্বইয়ের দশকের শুরুতে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতির দায়িত্বে থাকা জামিলুর রেজা চৌধুরী ১৯৯৩ সালে বাংলাদেশের ইমারত বিধি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
পদ্মা সেতু প্রকল্পে তার ভূমিকার কথা তুলে ধরে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বত্রই উনার অভাব অনুভূত হবে আমাদের। যখনই প্রয়োজন হয়েছে উনার সহায়তা আমরা পেয়েছি। যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমরা সময়-অসময়ে উনার সাপোর্ট নিয়েছি। পদ্মা সেতুর এ পর্যায়ে আসার পেছনে উনার বিরাট বড় ভূমিকা রয়েছে।
“আমরা পদ্মা সেতুর মূল সমস্যাগুলো উতরিয়ে এসেছি উনার সাপোর্টে। উনি থাকলে ভবিষ্যতেও আমরা মানসিকভাবে শক্তি পেতাম।”
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বে ছিলেন জামিলুর রেজা চৌধুরী।
বহুতল ভবন নির্মাণ, স্বল্প খরচে আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নকশা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে ইমারত রক্ষা, তথ্যপ্রযুক্তি এবং প্রকৌশল নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৭০টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার।
প্রকৌশলী হিসেবে দেশের উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আর ১০-১৫ বছর বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছু করতে পারতেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লিড দেওয়া একজন অভিভাবক হারিয়েছি আমরা। তিনি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি ও সরকারের সাথে সমন্বয় করতেন।
“তিনি ছিলেন বটগাছের মতো, সবাইকে ছায়া দিয়ে রেখেছিলেন। খুব সহজেই সবার সাথে মিশতেন। অমায়িক ছিলেন, যে কেউ মিশলে তার শুভাকাঙ্ক্ষী হয়ে যেতেন। অর্থবিত্তের প্রতি লোভ থাকলে কেউ ভালো কাজ করতে পারে না, ভালো মানুষ হতে পারে না। উনাকে কাছ থেকে দেখেছি, স্যারের অর্থবিত্তের প্রতি কোনো লোভ ছিল না। সহকর্মীদের তিনি প্রতিদ্ব্ন্দ্বী না ভেবে সহযোগী ভাবতেন, প্রশংসা করতেন।”
জামিলুর রেজা চৌধুরীর এই শিক্ষার্থী বলেন, “তার সমসাময়িক অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন নিশ্চিত জীবনের জন্য। স্যারকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, কেন তিনি দেশের বাইরে যাচ্ছেন না?
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, “জীবনের জন্য স্যার চিন্তা করেননি, দেশের জন্য কাজ করে গেছেন সব সময়। তার এই কথাটা সেদিন খুব ভালো লেগেছিল, তাই আমিও আর বিদেশে পাড়ি জমাইনি।
“যখন দেশে কম্পিউটারের প্রচলন ছিল না, যখন কেউ এটি নিয়ে ভাবতে পারেনি তখনই তার অনেক জ্ঞান ছিল এ বিষয়ে। বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালকও ছিলেন দশ বছর।”
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয় দেখভাল করেছেন জামিলুর রেজা চৌধুরী।
সে সময় তার কর্মতৎপরতায় মুগ্ধ ছিলেন ওই সরকারের আরেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাগরিক সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের একত্রে কাজ করার সুযোগ হয়েছে। কাজপাগল মানুষ ছিলেন, সারা দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। যা-ই করতেন নিষ্ঠার সাথে করতেন।
“দেশের প্রকৌশল শিক্ষা ও প্রযুক্তি বিকাশে সম্ভবত তিনিই সবচেয়ে অগ্রগণ্য ব্যক্তি ছিলেন। নিজস্ব নগরায়নের সুপরিকল্পনা ও প্রযুক্তি বিকাশে তিনি অসামান্য কাজ করেছেন। বিশ্বখ্যাত প্রকৌশলী এফ আর খানের আমন্ত্রণে তিনি বিদেশ চলে যেতে পারতেন। কিন্তু তিনি দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, আজীবন দেশের জন্য কাজ করে গেছেন।”
পরিবেশ নিয়েও বিস্তর কাজ করেছেন জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ কী হবে, এ চিন্তা যখন শুরু হয় তখন থেকেই তিনি এর সাথে জড়িত ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টে আমরা একসাথে কাজ করেছি।
“১৯৯০ সালের দিকে প্রথম আলাদা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি হয়, তিনি এর উপদেষ্টা ছিলেন। তখন দুর্যোগ ব্যবস্থাপনার রূপরেখা কী হওয়া উচিত, সে বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন। বিশেষ করে উপকূলের জলোচ্ছ্বাসের বিষয়ে আমরা তার নেতৃত্বে রিপোর্ট দেই। তখন দাতারা দেশি বিশেষজ্ঞদের গুরুত্ব দিত না। কিন্তু কাজটি এত ভালো ছিল যে অবজ্ঞার সুযোগ ছিল না।”
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
“সরকারের সাথে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে পছন্দ করতেন। কারণ আমরা যেসব পরামর্শ দেই সেটি তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন হবে। বাংলাদেশে কম্পিউটারের বিস্তৃতির ক্ষেত্রে তিনি প্রচুর কাজ করেছেন। আজকে যে কম্পিউটার এত সহজলভ্য তার প্রধান অবদান উনার। আইটি সেক্টরের নানা বিষয়ে সরকার তার পরামর্শ নিত।”
একুশে পদকপ্রাপ্ত জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক নিয়োগ দেয় সরকার। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পুরকৌশলের এই শিক্ষক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও ছিলেন বিভিন্ন দায়িত্বে। তথ্যপ্রযুক্তি বিষয়ে সরকারের বিভিন্ন পরামর্শক প্যানেলেও দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবন নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানা জায়গায় তার কর্মতৎপরতা ছিল। শিক্ষকতা করেছেন, গবেষণা করেছেন। তিনি অত্যন্ত জ্ঞানী, বিজ্ঞ ও বুদ্ধিমান ছিলেন, তার অসম্ভব স্মরণশক্তি ছিল। তিনি গণিত অলিম্পিয়াডে প্রথম থেকে যুক্ত ছিলেন, উনার কারণেই এটি করতে সক্ষম হয়েছি আমরা। দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও তার অনেক অবদান রয়েছে। কোথায় ছিলেন না তিনি? বাংলাদেশে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট ২০২১ সালে হওয়ার কথা, এটি উনার কারণেই বাংলাদেশে এসেছে। ভারতও এখন পর্যন্ত পারেনি।
“দুটো বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। সবার উপরে তিনি অনেক ভালো মানুষ, সাদা মনের মানুষ ছিলেন। বিশ্বাস রাখা যায়, আস্থা রাখা যায়- এমন একজন মানুষ ছিলেন তিনি।”
বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জামিলুর রেজা চৌধুরীর নানা কর্মতৎপরতা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও ভূমিকা রেখেছে।
