২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটের ইজারা মূল্য শোধের সময় বাড়ল

মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় দুই মাস বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 03:13 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

গত ৩ এপ্রিল হাট-বাজারের ইজারা শোধের শেষ সময় থাকলেও তা আগামী ৩১ মে পর্যন্ত শোধ করা যাবে জানিয়ে গত রোববার পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সেখানে বলা হয়েছে, “স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত হাট-বাজারের ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা অনুযায়ী হাট-বাজারের ইজারা বাংলা বছরের ভিত্তিতে (বৈশাখ-চৈত্র) এক বছরের জন্য দিতে হবে। কোনো বছরের যাবতীয় ইজারা কার্যক্রম আগের বছরের ২০ চৈত্র অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।”

করোনাভাইরাসে লাখ লাখ মানুষের আক্রান্ত হওয়া দুই লাখ মানুষের মারা যাওয়ার কথা তুলে ধরে পরিপত্রে বলা হয়েছে, দেশের অফিস আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দেশের অধিকাংশ এলাকা লকডাউন করা হয়েছে।

“ইতোমধ্যে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে বিধায় হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হল।”

দেশে কোভিড-১৯ এর সংক্রমণের পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। কয়েক দফা সেই ছুটি বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

লকডাউনের মধ্যে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই সময়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়াও মানা।

পুরনো খবর:

দোকান-বাজার খোলার সময় বেঁধে দিল পুলিশ