সরকারি খরচে বছরে ৫০ হাজার মানুষকে আইনি সহায়তা
সরকারি খরচে গত ১০ বছরে পাঁচ লাখ সাত হাজার ৪০ জন দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হয়েছে।
২০০৯ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এই আইনি সহায়তা দেওয়া হয়েছে বলে সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
“একই সময়ে সংস্থাটি ৩৫ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৪২২ টাকা দরিদ্র-অসহায় মানুষকে ক্ষতিপূরণ আদায় করে দিতে সক্ষম হয়েছে।”
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকল্পে তাদের আইনগত সহায়তা দিতে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়।
সংস্থাটি গত ১০ বছরে ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ লাখ ৮৪ হাজার ৮২৩ জনকে, সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২০ হাজার ৯২ জনকে, জাতীয় হেল্প লাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরে ফোন কলের মাধ্যমে ৮৩ হাজার ৯১৮ জনকে এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ১৮ হাজার ২০৭ জনকে আইনগত সহায়তা দিয়েছে।
একই সময়ে সংস্থাটি এক লাখ ২৬ হাজার ৪৯২টি লিগ্যাল এইড মামলা নিষ্পত্তি করেছে করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় হেল্প লাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরটি বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রেখে জনগণকে আইনি পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।
এছাড়া ডিজিটাল লিগ্যাল এইড সেবা দিতে ২০১৮ সালের অক্টোবরে ‘বিডি লিগ্যাল এইড’ নামে একটি অ্যাপ চালু করে সরকার। এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে ঘরে বসেই বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছেন অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীরা।
