বাহরাইন থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশি
করোনাভাইরাসের মহামারীর মধ্যে বাহরাইনে আটকে পড়া শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, রোববার বিকালে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ১৩৮ জন বাংলাদেশি বাহরাইন থেকে দেশে পৌঁছান।
ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপে আটকে পড়া কয়েকশ বাংলাদেশি এর আগে দেশে ফিরে এসেছেন।
এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।
তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।
