২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের এক-তৃতীয়াংশ মানুষ সহায়তার আওতায়: তথ্যমন্ত্রী

বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের সহায়তা কর্মসূচির আওতায় থাকার তথ্য দিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের মহামারীর মধ্যে কাউকে যেন অভুক্ত না থাকতে হয়, সেই লক্ষ্য সরকার নির্ধারণ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 05:36 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

রোববার সচিবালয়ে এক অনলাইন ব্রিফিংয়ে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে এ বিশেষ পরিস্থিতিতে যারা দিনে এনে দিনে খায়, যারা দরিদ্র, তাদের যেন অসুবিধা না হয়।”

সরকারের পাশাপশি ‘বিত্তবান, দয়ালু এবং সমাজসেবীরা’ এই দুর্যোগে এগিয়ে এসেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতারাও সারাদেশে দরিদ্র মানুষের সহায়তায় কাজ করছে।

“আমাদের সম্মিলিত চেষ্টায় এ দুর্যোগ মোকাবেলা করতে হবে। আমাদের লক্ষ্য একজন মানুষও যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।”

মহামারীর কারণে সাধারণ ছুটির মধ্যেও জরুরি সেবা দিতে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর খোলা রাখা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকার ভিজিডির মাধ্যমে ১০ লাখ ৪০ হাজার পরিবারকে সহায়তা দিচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। সাড়ে ১২ লাখ পরিবার ওএমএসের মাধ্যমে সহায়তা পাচ্ছে।

আগামী মাসে ৩ লাখ পরিবার মৎস্য ভিজিএফ পাবে এবং এর বাইরে জেলা প্রশাসন শাক-সবজি, দুধ কিনে জনগণের মধ্যে বিতরণ করছে বলেও তথ্য দেন মন্ত্রী।

বিশেষ পরিস্থিতির কারণে ত্রাণ মন্ত্রণালয় শনিবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার মেট্রিক টন চাল, ৪৯ কোটি টাকা এবং শিশুখাদ্যের জন্য ১১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ নানা ধরনের ভাতার মাধ্যমে দেশের আরও প্রায় এক কোটির কাছাকাছি লোক সহায়তা পাচ্ছে।

“অর্থাৎ দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের এই সহায়তার আওতার মধ্যে রয়েছে।”

অন্যদের মধ্যে তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এবং তথ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা অনলাইন ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন।