২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো স্টোরি: অবরুদ্ধ লোকালয়ে জীবন যেমন

লকডাউন আর কোয়ারেন্টিনের বিধিনিষেধে চাঞ্চল্য হারিয়েছে নগরজীবন। তারপরও জরুরি প্রয়োজনে মানুষ রাস্তায় নামছে, হাঁক দিয়ে যাচ্ছে ফেরিওয়ালা। ঢাকার মিরপুর-পল্লবীর জীবনচিত্র ক্যামেরায় ধরেছেন ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মডারেটর আইরিন সুলতানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 10:04 AM

Updated : 08 Apr 2022, 12:41 AM

Image
অন্য সময় হয়ত সাইক্লিস্ট বন্ধুদের নিয়ে এ গলি ও গলি পেরিয়ে আরো দূরে যাওয়া যেত। কিন্তু এখন সামাজিক দূরত্ব রাখতে হবে, আগের মত বন্ধুদের ডাক দেওয়ার জো নেই। ভয়ে ভয়ে সাইকেল নিয়ে এলাকায় বেড়িয়ে পড়লেও আগের সেই উচ্ছ্বলতা নেই এই তরুণের।
Image
মাস খানেক আগেও বিকাল বেলা এই রাস্তায় পাড়ার ছেলেদের ক্রিকেট খেলা জমত। তাদের হৈ হল্লায় স্থানীয়রা অভ্যস্তই ছিলেন। এখন ক্রিকেট খেলা থেমেছে; কতদিনের জন্য তা কেউ জানে না।
Image
মহামারীর এই সময় শরীর সুস্থ রাখতে প্রোটিন খেতে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে আবার বাজারে যেতেও কড়াকড়ি। এর মধ্যে ভ্যানে করে ডিম ফেরি করা এই বিক্রেতার হাঁক স্বস্তি যোগাচ্ছে অনেক মানুষকে।
Image
এই কফি কর্নারটি আগে সারাদিনই ব্যস্ত থাকত। এলাকার তরুণদের পাশাপাশি বয়স্করাও আসা-যাওয়ার পথে ঢু মেরে যেতেন। লকডাউনের এই সময় ‘কফি হাউজের সেই আড্ডাটাও’ বন্ধ।
Image
এলাকার মাঝামাঝি বিশাল মাঠ নিয়ে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আগে ক্লাসের পর এই মাঠে খেলতে আসত এলাকার অনেকে। কোভিড-১৯ মহামারীর মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। পল্লবীর এই স্কুলটির ফটকও বন্ধ রয়েছে প্রায় দেড় মাস হল। স্কুলের দেয়ালের উপর দিয়ে কিছু গাছ মাথা উঁচু করে উঁকি দিচ্ছে শুধু।
Image
মূল সড়ক এড়িয়ে ভেতরের রাস্তা দিয়ে আগেও রিকশা চলত। এখন লকডাউনের মধ্যেও কিছু কিছু চলছে। তবে খাবার পাওয়া দায় হয়েছে রাস্তার কুকুরগুলোর।
Image
মিরপুর ১১ নম্বরে প্রাণচাঞ্চল্য একেবারে স্থবির হয়নি এখনও। গণপরিবহন না চললেও ব্যক্তিগত বাহন ও রিকশায় আনাগোনা রয়েছে মানুষের।
Image
পল্লবীর অলি-গলিতে প্রতিদিন সকাল ও বিকালে ভ্যানে করে সবজি নিয়ে আসেন বিক্রেতারা। পথঘাট পেরিয়ে বাজারে যাওয়ার বদলে বাড়ির সামনে থেকে টুকটাক সবজি মিলে যাওয়ায় খানিক স্বস্তি পায় এলাকাবাসী।
Image
খরিদ্দারের দৃষ্টি আকর্ষণ করতে সবজি বিক্রেতাদের নজর থাকে রাস্তার ধারের বাড়িগুলোর জানালা আর বারান্দার দিকে। তাদের মুখেও এখন মাস্ক, হাতে গ্লাভস।
Image
পেটের তাগিদে ভ্যান নিয়ে বের হওয়া এই সবজিবিক্রেতা ভাইরাস থেকে বাঁচতে তিনশ টাকা দিয়ে একটি ‘পিপিই’ কিনেছেন স্থানীয় ফার্মেসি থেকে। সাবান-পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়ে ব্যবহার করছেন নিয়মিত।
Image
বাড়ির ছাদের অর্ধেক অংশে এই পরিবারের বাস। ঘর থেকে পা বাড়ালেই ছাদ। অবরুদ্ধ থাকার দিনে তাদের এই মুক্ত আঙিনার সুবিধা নিয়ে প্রতিবেশীদের হয়ত ঈর্ষাই হয়।
Image
মহামারী শুরুর পর থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেমন শ্লথ হয়ে গেছে, তেমনি বিভিন্ন এলাকার ভবন নির্মাণের কাজেও ভাটা পড়েছে। এক মাস আগেও এসব নির্মাণাধীন ভবনে ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, শ্রমিকদের ব্যস্ততা ছিল। দেশের এই অবস্থায় নির্মাণ কাজ কবে শেষ হবে, ডেভেলপার কোম্পানি ফ্ল্যাট কবে বুঝিয়ে দেবে- সেই চিন্তাও বাড়ছে ক্রেতাদের।
Image
শরীর ও মনের সুস্থতায় ঘরে থাকার দিনেও ফল খেতে হবে। বিকালের বৃষ্টির পর এক আপেল বিক্রেতা ফল ভর্তি ভ্যান নিয়ে এলাকায় বেড়িয়েছেন ক্রেতার খোঁজে।
Image
মানুষ ঘরে বন্দি হলেও পোষা কবুতর ছাদেই দানা খুঁটে আর বৃষ্টিতে ভিজে সময় কাটিয়ে দিচ্ছে। এই পাখিগুলোর জন্য আকাশ এখনও উন্মুক্ত।
Image
ছাদে এই আলপনা হয়ত আঁকা হয়েছিল কারও বিয়ের দিনে। উৎসবের দিনগুলো কেড়ে নিয়েছে চোখে না দেখা এক ভাইরাস।
Image
এখনও দু-চারজন মানুষের আসা-যাওয়া দেখা যায়; তবে লকডাউনের পল্লবীতে পথঘাট হারিয়েছে আগের মুখরতা।
Image
বৈশাখের ঝড়-বৃষ্টির পর বিকালে ধোয়া কাপড় মেলে দেওয়া হয়েছে ছাদে।
Image
সভ্যতার শব্দ দূষণ কমে আসায় এখন কানে আসছে পাখির কিচির-মিচির। বৃষ্টিতে ভিজে জবুথবু পাখিটা গা শুকাতে বসেছে।
Image
তুমুল বৃষ্টি শেষ হয়েছে একটু আগে। ভেজা শরীরেই বারান্দায় গ্রিলে উড়ে এসে বসল একটি শালিক।