২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহনও ৫ মে পর্যন্ত বন্ধ

করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 09:28 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে হুঁশিয়ার করা হয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ রোগ দেখা দেওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।