২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের বিকালে কালো মেঘে ঢেকে গেল ঢাকা

বৈশাখের বিকালে ঘনকালো মেঘে ঢাকা পড়ল রাজধানীর আকাশ, ভারী বৃষ্টির সঙ্গে বয়ে গেল ঝড়ো হাওয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 06:24 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

পুরনো খবর:

রাজধানীতে কালবৈশাখীর দাপট
হাওরে আকস্মিক বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার পরামর্শ

বৃহস্পতিবারের বিকালে প্রায় ২০ মিনিট ধরে ভারী বৃষ্টি ও বজ্রঝড় বয়ে যায়। ওই সময়েই ঢাকায় ৪৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বজ্রবৃষ্টির সময় বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।

এ সময় ফাঁকা ঢাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য পায়নি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। দুয়েকটি জায়গায় বৈদ্যুতিক গোলযোগ ও ছোটখাট অগ্নিসংযোগের তথ্য পেলেও ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই সেগুলো স্বাভাবিক হয় যায় বলে জানিয়েছেন কর্তব্যরত কর্মকর্তা।

আবহাওয়াবিদ নাজমুল বলেন, কালবৈশাখীর মৌসুম চলছে। এখন বৈশাখের ১০ তারিখ। এমন সময়ে দেশের যে কোনো জায়গায় ঝড়-বৃষ্টি হবে।

তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Image
বৃহস্পতিবার বিকালের বৃষ্টিতে ভিজে জবুথবু একটি কাক। ছবি: মোস্তাফিজুর রহমান

বৃহস্পতিবার বিকালের বৃষ্টিতে ভিজে জবুথবু একটি কাক। ছবি: মোস্তাফিজুর রহমান

আগামী তিন দিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে বলে আভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম-মেঘালয়-ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে।

এদিকে আকস্মিক বন্যার শঙ্কায় ইতোমধ্যে হাওর এলাকায় ধান কাটার কাজও দ্রুত গতিতে চলছে।