২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: সংস্কৃতির উত্তরণে নানা পদক্ষেপের কথা বললেন প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেটে গেলে থমকে থাকা সংস্কৃতি অঙ্গনকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 01:55 AM

Updated : 18 Aug 2022, 02:54 PM

‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে বিদ্যমান স্বাস্থ্য সংকট এবং সংস্কৃতি খাতে এর প্রভাব ও করণীয়’ বিষয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা- ইউনেস্কোর আয়োজনে এর সদস্যভুক্ত দেশগুলোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের অংশগ্রহণে প্রথম ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়ে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী কে এম খালিদ রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হন।

তিনি বলেন, “কোভিড-১৯ প্রসূত সংকট নিরসনে সংস্কৃতি খাতে অগ্রাধিকারমূলক যেসব প্রশমন কৌশল নেওয়া প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংস্কৃতি খাতে এর প্রভাব নিরূপণ, ভার্চুয়াল পদ্ধতিতে সকল জাদুঘর ও সাংস্কৃতিক ঐতিহ্যগত স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ, অস্বচ্ছল ও প্রান্তিক শিল্পীদের এককালীন অনুদানের ব্যবস্থা করা, সরকার কর্তৃক শিল্পীদের তৈরি মূল শিল্পকর্ম ক্রয় করা যাতে উভয়পক্ষ উপকৃত হয়, ভালো মানের রেকর্ডকৃত অনুষ্ঠান তৈরিপূর্বক বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠান প্রস্তুতপূর্বক বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় সম্প্রচার, জাদুঘর ও সাংস্কৃতিক ঐতিহ্যগত স্থাপনার জন্য বিশেষ বরাদ্দ প্রদান।

“কোভিড-১৯ এর প্রভাব হ্রাসকল্পে এসব সময়োপযোগী উদ্যোগ ও কর্মপরিকল্পনা সঙ্কট উত্তরকালীন সাংস্কৃতিক পুনর্জাগরণে সহায়তা করবে।”

ইউনেস্কো নির্ধারিত তিন মিনিটের বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এর ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।”

তিনি জানান, এই সঙ্কট শেষে অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি প্রণোদনা প্যাকেজে কর্মহীন, অস্বচ্ছল, প্রান্তিক শিল্পী ও সংস্কৃতিকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার ও সংস্কৃতি ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও সভায় জানান কে এম খালিদ।

তার প্রস্তাবনার মধ্যে রয়েছে, ইউনেস্কোর পক্ষ হতে জরুরি তহবিল প্রদান করা যার মাধ্যমে এ খাতের প্রভাব নিরূপণ ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে সহায়তার ব্যবস্থা করা যায়, আন্তর্জাতিকভাবে ভার্চুয়াল পদ্ধতিতে ইভেন্ট বা অনুষ্ঠান আয়োজন, অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক হারে সংস্কৃতি খাতে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পুনঃবিনিয়োগ ও পুনঃপরিদর্শন, ফলপ্রসূ আন্তঃরাষ্ট্রীয় সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিপূর্বক সংস্কৃতি খাতকে পুনরুদ্ধার করা, সরকার ও ইউনেস্কো প্রদত্ত অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের মাধ্যমে এ খাতে সহায়তা করা।

বাংলাদেশ সময় বুধবার বিকাল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে ইউনেস্কোর সদস্যভুক্ত ১০৮টি দেশের সংস্কৃতি মন্ত্রীরা অংশগ্রহণ করেন।