২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী আক্রান্ত হওয়ায় বারডেমের আইসিইউ বন্ধ

চারজন রোগীর করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। আইসিইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 12:36 AM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফ উদ্দিন।

কোভিড-১৯ রোগীদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ডা. সাইফ বলেন, “আইসিইউ আজ সন্ধ্যার দিকে লকডাউন করা হয়েছে। চারজন পেশেন্টের নমুনা পরীক্ষা করা হয়েছিল, চারজনেরই পজিটিভ এসেছে।

“সেখানে বেশি রোগী ছিল না। আমাদের যারা সেখানে দায়িত্বে ছিলেন, তাদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তারা যার যার বাসায়ই আছেন।”

কোভিড-১৯ আক্রান্ত দুজনের বয়স জানা গেছে। তাদের মধ্যে ৬৮ বছর বয়সের একজন পুরুষ ১৪ এপ্রিল, ৫৯ বছর বয়সী একজন নারী ১৩ এপ্রিল আইসিইউতে ভর্তি হয়েছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত মারা গেছেন ১২০ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন মানুষ। গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।