করোনাভাইরাস: ওআইসি দেশে অভিবাসীদের চাকরির নিশ্চয়তা চান মোমেন
করোনাভাইরাসের মহামারীর মধ্যে অভিবাসী কর্মীদের চাকরির নিশ্চয়তা দিতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার ওআইসির নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, “অভিবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ওআইসিভুক্ত দেশে যেসব মুসলিম শ্রমিক কাজ করছেন, তাদের অবস্থার কথা মাথায় রেখে চাকরির নিশ্চয়তা দেওয়া প্রয়োজন।”
তা করা গেলে বেকারত্বের ক্ষতি কমানোর পাশাপাশি সামাজিক সাম্য বজায় রাখা সম্ভব হবে বলে বৈঠকে মত দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
কোভিড-১৯ সংকট মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণ ও স্বাস্থ্য কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য ওআইসির এই বৈঠক হয়।
জোটের নির্বাহী কমিটির বর্তমান সভাপতি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সাউদের সভাপতিত্বে এ বৈঠকে নির্বাহী কমিটির বাকি ছয় সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা সমপর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
বর্তমানে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার ওআইসির নির্বাহী কমিটির সদস্য।
বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছা অনুদানের মাধ্যমে ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি ফান্ড’ গঠনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
সেই সঙ্গে মহামারী না কমা পর্যন্ত মুসলমান অভিবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা দিতে মানবাধিকার সংগঠনগুলোকে নিয়ে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে পরামর্শ দেন তিনি।
