হাওরাঞ্চলে ধানকাটা শ্রমিকরা থাকবেন স্কুলগুলোতে
অন্য এলাকা থেকে যেসব শ্রমিক হাওর অঞ্চলে গিয়ে ধান কাটবেন, তাদের থাকার জন্য সেসব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো খুলে দেওয়া হচ্ছে।
শ্রমিকরা শুধু বিদ্যালয়ে রাত যাপনই নয়, চাইলে স্কুল মাঠে ধান মাড়াইয়ের কাজও করতে পারবেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানিয়েছেন।
তিনি মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাওর অঞ্চলের স্কুলগুলো খুলে দিতে বুধবার শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হবে। স্কুল খুলে দেওয়ার পর কোন স্কুলে কতজন শ্রমিক অবস্থান করছেন, সে বিষয়ে আমাদের রিপোর্ট দিতে বলা হবে।”
এ বিষয়ে হাওর অঞ্চলের প্রাথমিকের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, “শ্রমিকদের থাকার ব্যাপারে যত ধরনের সহযোগিতা দরকার, আমরা তার সবই করব। প্রয়োজনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এক রুমে দুইজন শ্রমিক থাকবেন।”
এতদিন শ্রমিকরা যে গৃহস্থের ধান কাটতেন তার বাড়িতেই চলত খাওয়া ও থাকার কাজটি। কিন্তু করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে এখন আর সেই পরিস্থিতি নেই।
বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার হাওর অঞ্চলের বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকা এবং কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করায় শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন অনেকেই।
এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের ধান কাটতে হাওর এলাকায় পাঠানো হচ্ছে।
ফসিউল্লাহ বলেন, “আগে শ্রমিকরা বাড়িতে থাকতেন, এখন হয়ত কেউ তাদের বাড়িতে রাখতে চাইবেন না। অসুবিধা নেই, আমাদের স্কুল তো ফাঁকা পড়ে আছে, সেখানে তারা থাকবেন। যদি ধান স্কুলের মাঠেও আনতে চায় তাতেও কোনো অসুবিধা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে সব পরিষ্কার করা হবে।”
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন হাওর অঞ্চলে ধান কাটা নিয়ে গত ১৯ এপ্রিল ফেইসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন-
“প্রিয় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ,
বৃহত্তর সিলেট এবং কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলার হাওড় অঞ্চলের জেলাসমুহে বোরো ধান কাটার সময় শুরু হয়েছে। ইতোমধ্যে বন্যা পূবাভাস সতর্কীকরণ আগাম বন্যার আভাস দিয়েছে। হাওড় এলাকায় বছরে একবারমাত্র ফসল ফলে। এই ফসল আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। হাওড় এলাকার চাহিদা পূরণ করে এই উৎপাদিত ধান দেশের অন্যান্য অঞ্চলের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে থাকে। এবার করোনাভাইরাস প্রভাবের ফলে আন্তির্জাতিক পর্যায়ে খাদ্য সংকট হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমুহ আশঙ্কা প্রকাশ করেছে। সেইদিক দিয়ে হাওড় অঞ্চলের ধান যথাসময়ে এবং দ্রুততার সাথে হারভেস্ট করা খুবই জরুরী হয়ে পড়েছে। এইক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবারের সন্মানিত সদস্যবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ধান কাটার জন্য এলাকার বাহিরে থেকে আসা শ্রমিকদের থাকার জন্য হাওড় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে হবে। করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের সৃষ্টি হয়েছে। এই সংকটে সন্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ তাদের এলাকার তাদের প্রাক্তন ছাত্র যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যাদের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ এবং যারা লেখাপড়া না করে অলসভাবে সময় কাটায় তাদেরকে উদ্বুদ্ধ করে এই চরম বিপদের সময় কৃষকদের পাশে দাড়ানো জন্য কাজ করতে পারেন। আমার বিশ্বাস আপনারা যদি আপনাদের প্রাক্তন ছাত্রদের প্রকৃতভাবে অনুরোধ করেন এবং উদ্বুদ্ধ করেন তবে তারা আপনাদের অনুরোধ শুনবে। কারণ আমরা আমাদের শিক্ষকদের কথা কখনো অমান্য করিনা। আমি আজ হাওড় অঞ্চলের সকল ডিপিওদেরকে আমার পক্ষে এই বার্তাটি সকল হাওড় অঞ্চলের সন্মানিত শিক্ষকসম্প্রদায়কে পৌছে দেয়ার জন্য অনুরোধ করেছি। আশা করি তারা আমার এই আবেদন সকলের কাছে পৌছে দিবেন। আসুন সকলে মিলে এই সংকট কালে মানুষের পাশে দাড়ায় । নিজে ভাল থাকি, মানুষকে ভাল রাখি এবং দেশকে ভাল ও নিরাপদ রাখি।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ বলেন, সচিব মহোদয়ের এই স্ট্যাটাস দেখেই হাওর অঞ্চলের বিদ্যালয়গুলোতে শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে আমরা নির্দেশনা দিতে যাচ্ছি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তার আগে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
